বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আয়োজনে এবং প্রবাসী, মার্কিন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে ৯ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রে ডিজিটাল বাংলাদেশ আইটি ইনভেস্ট সামিট। সম্মেলনে বাংলাদেশে বিদেশী বিনিয়োগকে আরো আকর্ষণীয় করতে বাংলাদেশের জন্য নিজস্ব ‘মেটাভার্স’ প্লাটফর্ম তৈরির ইঙ্গিত দিয়েছেন তথ্য ও যোগােযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে টেলিকম অ্যান্ড আইসিটি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য অপরাজিতা হক নাহিদ খান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, নিউইয়র্কে কনসাল জেনারেল মনিরুল ইসলাম এবং এসডিজি বাস্তবায়নের চিফ কো-অর্ডিনেটর জুয়েনা আজিজ ও বিডা চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
সামিটে বাংলাদেশের প্রযুক্তি খাতের অমিত সম্ভবনা এবং বিনিয়োগ সুবিধার ওপর একটি উপস্থাপনা পেশ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উপস্থাপনায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশের ৪টি মূল ভিত্তি নিয়ে আলোচনা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এই চার ভিত্তি করে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় অতিমারিতেও প্রতিবেশী অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কীভাবে সবচেয়ে বেশি জিডিপি অর্জন করেছে তাও তুলে ধরেন তিনি। জানালেন, সাইবার নিরাপত্তার সাম্প্রতিক আইটিইউ এর বৈশ্বিক সূচকে বাংলাদেশ ২৫ ধাপ এগিয়েছে।
মেটা এবং ইউনিভার্স শব্দযুগলের সমন্বয়ে হয়েছে মেটাভার্স। যার অর্থ দাঁড়ায়- পৃথিবীর বাইরের জগৎ। যেখানে সশরীরে উপস্থিতির বিপরীতে বাস্তবের মতো উপভোগ করা যাবে প্রায় সবকিছু। ১৯৯২ সালের নীল স্টিফেনসনের 'স্নো ক্রাশ' উপন্যাসে প্রথম পরিচয় মেলে মেটাভার্স নামের বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনীর জগতের।
পলক বলেন, তারুণ্যের শক্তিতে বিশ্বাসী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মাত্র ৩৩ বছর বয়সে আইসিটি প্রতিমন্ত্রী হিসেবে উনার দেয়া দায়িত্ব পালন করছি। নানা উদ্যোগের ফলে ২০১০ সাল থেকে দেশের আইসিটি খাতেপ্রবৃদ্ধির হার গড়ে ১০ শতাংশ করে বাড়ছে। আড়াই হাজারের বেশি স্টার্টআপ গড়ে উঠেছে। এর মধ্যে ৭০ শতাংশই ডিজিটাল সেবা ভিত্তিক ব্যবসা করছে। এই খাতে ১.৫ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে। ডিজিটাল কর্মীর ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়।
বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত এটুআই নীতি উপদেষ্টা আনীর চৌধুরীকে বাংলাদেশে ব্যবসায়ের জন্য ভার্চুয়াল বিজনেস প্রেজেন্ট প্লাটফর্ম তৈরির উদ্যোগ নেয়ার জন্য অনুরোধ করেন। এতে শিগগিরই বাংলাদেশে মেটাভার্স প্রযুক্তিতে ব্যবসায়ের সুযোগ সৃষ্টি হবে বলে আশার কথা জানান বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমি আশা করছি শিগগিরই বাংলাদেশে মেটাভার্স প্রেজেন্ট নিশ্চিত করা হবে। আমি এরই মধ্যে এ বিষয়ে আনীর ভাই এবং মিঃ আজিজ এর সঙ্গে কথা বলেছি। আশা করছি এই মেটাভার্সের মাধ্যমে বাংলাদেশে না গিয়ে বিদেশ থেকেই বাংলাদেশের মাটিতে ব্যবসা করার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা।
সম্মেলনে বাংলাদেশ থেকে ব্যবসায়ী নেতারাও অংশ নেন। সম্মেলন চলাকালেই প্রবাসী বাংলাদেশী মি: ববি বাংলাদেশের হাইটেক পার্কে ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেন।